১ আগস্ট ২০২৬, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা, শিল্প বিপ্লবের অগ্রদূত, শিক্ষানুরাগী, জনহিতৈষী, বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নু’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সর্বস্তরের জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পাশাপাশি মানিকগঞ্জবাসীর বহুল প্রত্যাশিত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সেবার উদ্বোধন করা হয়।
সকাল ৮:৩০ মিনিটে মরহুম হারুণার রশিদ খান মুন্নু’র কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা, এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জুলফিকার আহমেদ আমিন, উপাধ্যক্ষ ডাঃ বোরহান উদ্দিন আহাম্মেদ, কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত শেষে মাননীয় মন্ত্রী মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে তিনি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সকাল ৯:০০টায় মাননীয় মন্ত্রী, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক যৌথভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এ ক্যাম্পে সর্বস্তরের জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
পরবর্তীতে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই আইসিইউ সেবা চালুর মাধ্যমে মানিকগঞ্জের গুরুতর অসুস্থ রোগীদের উন্নত ও জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নতুন সুযোগ সৃষ্টি হলো।
এ উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখায় কয়েকজন চিকিৎসককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মরহুম হারুণার রশিদ খান মুন্নু ছিলেন শিক্ষা, শিল্প, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিকে ধারণ করে মানুষের কল্যাণে চিকিৎসাসেবা প্রদান এবং আধুনিক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের এই উদ্যোগ তাঁর জনহিতৈষী ও মানবকল্যাণমূলক আদর্শকে আরও সমুন্নত করবে।


